কুমিল্লায় ফিফা বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, তিনি মিশর দলের সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরিবারের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি বাবু ও মাইন উদ্দিন মালুর হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার পর এলাকাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রাণহানির মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার ভাষায়, খেলায় জয়-পরাজয় থাকবে, কিন্তু সেটিকে কেন্দ্র করে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স